নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে বাংলাদেশ নৌবাহিনীও আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি প্রয়োজনে নৌবাহিনী মোতায়েনের জন্যে আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন, নৌবাহিনীর সদস্যরা শুক্রবার সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে শনিবার ভোরে এসে পৌঁছবেন। প্রথমে অবস্থান নেবেন সালুটিকর এলাকায়। সেখান থেকে নির্ধারিত এলাকাগুলোতে যাবেন।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানিবন্দি লোকজনকে উদ্ধার সহ বিভিন্ন মানবিককাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন।
এছাড়া সিলেট বিভাগে নিরবচ্ছিন্ন বিদ্যু সরবরাহ নিশ্চিত করতে সিলেট মহানগরীর কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ রাখতে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্যার পানি ঠেকানোর ব্যবস্থা করছেন।