নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জে সর্বনাশা বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশে স্থগিত করা হয়েছে এসএসসি ও সমমানের সকল পরীক্ষা, যা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।
সেনাবাহিনী ইতোমধ্যে সিলেটে উদ্ধার তৎপরতা শুরু করে দিয়েছে। কাজ করছে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ রাখতে, যাতে বন্যাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়।
সেনাবাহিনী সুনামগঞ্জেও যাচ্ছে বলে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন।
বিভাগীয় কমিশনার আরও জানান, প্রয়োজনে নৌবাহিনীকেও উদ্ধার তৎপরতায় অংশ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ জানান, সকালে শিক্ষামন্ত্রী ডা দীপুমনি দেশের সকল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বন্যা পরিস্থিতির কারণে এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।