হেনা মমো : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি শতভাগ নিশ্চিত হয়েছে। নারী শিক্ষায় অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য। লেখাপড়ায় ছেলেদের থেকে এগিয়ে গেছে মেয়েরা। পরিকল্পিত উদ্যোগের ফলেই এ পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আয়োজিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা। স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির গবেষণা কর্মকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষায় উপবৃত্তির প্রবর্তনে ঘুর দাঁড়িয়েছে বাংলাদেশ। এই উপবৃত্তি এখন বিনিয়োগ। প্রতি বছর ৫০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। সবমিলিয়ে অর্থে পরিমাণ বার্ষিক ২ হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
তিনি বলেন, এই উদ্যোগ প্রধানমন্ত্রীর একক চিন্তাভাবনার ফসল, যাতে কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কেউ যেন ঝরে না পড়ে আর কেউ যেন টাকা-পয়সার অভাবে লেখাপাড়া বন্ধ না করে।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে গবেষণা, পিএইচডি এবং চিকিৎসার জন্যেও শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ভাবনা ও সুপরিকল্পনার সুবাদেই নারী শিক্ষার হার বেড়েছে অনেক। গ্রামেও এখন বিজ্ঞান চর্চা হচ্ছে।
বিশেষ অতিথি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার বলেন, নারী শিক্ষার প্রসারের ফলশ্রুতিতে দেশে বাল্যবিয়ে কমেছে। উপবৃত্তির টাকা মোবাইল নেটওয়ার্কে সরাসরি প্রাপকের হাতে পৌঁছে যায়। তাই বেহাত হওয়ার শংকা নেই।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা শিক্ষকদের প্রতি তথ্য প্রযুক্তি ব্যবহারে ও শিক্ষাদানে আরও যত্নশীল হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি শিশুকে সমমর্যাদায় শিক্ষার সুযোগ করে দিতেই প্রধানমন্ত্রী নিজে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করেছেন।
প্রশিক্ষণে শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।