জৈন্তাপুরে টিলা ধ্বসে একই পরিবারের শিশু ও নারীসহ ৪ জনের মৃত্যু || আহত ৮ জন

প্রকাশিত June 6, 2022
জৈন্তাপুরে টিলা ধ্বসে একই পরিবারের শিশু ও নারীসহ ৪ জনের মৃত্যু || আহত ৮ জন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধ্বসে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন । উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), জুবায়ের আহমদের স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে সাফি আহমদ (৫) ও ভাবী মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
আহত হয়েছেন, আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭০), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২২), রাফিউল ইসলাম (১০), লুৎফা বেগম (২০), হাম্মাদ (৩) ও মেহেরজান নেছা (৫০)।
টিলা ধ্বসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক মনিরুজ্জামান জানান, তারা ঘটনাস্থলেই চার জনের মরদেহ যান। পরিবারের বাকি সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।