শ্রীকান্ত পাল, জকিগঞ্জ : মহামারি করোনা নিয়ন্ত্রণে এলেও জকিগঞ্জ ইমিগ্রেশন ও স্থলশুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার অর্থাৎ লোক চলাচল শুরু হয়নি।
বিশ্বে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সরকারি আদেশে ২০২০ সালের ১৭ মার্চ থেকে জকিগঞ্জ সহ দেশের বিভিন্ন ইমিগ্রেশন ও স্থলশুল্ক স্টেশন দিয়ে দুই দেশের নাগরকিদের যাওয়া-আসা বন্ধ করে দেওয়া হয়; কিন্তু পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এলেও এখন পর্যন্ত লোক চলাচলের জন্যে সীমান্ত খুলে দেওয়া হয়নি। তবে পণ্য আমদানি-রফতানি চলছে।
করোনার কারণে ২০২০ সালের ২৪ মার্চ বন্ধ করে দেওয়া হয় ডাক বিভাগের কার্যক্রমও, যা এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। অথচ প্রতিদিন সিলেট প্রধান ডাকঘর থেকে ভারত অভিমুখী ২ ব্যাগ চিঠিপত্র জকিগঞ্জ প্রধান ডাকঘরে পৌঁছুচ্ছে; কিন্তু সীমান্ত পাড়ি দিতে পারছেনা।
জকিগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার ফারুক আহমদ তাপাদার জানান, ইমিগ্রেশন খোলা থাকাকালীন ভারতের রানার ইমিগ্রেশন ও স্থলশুল্ক স্টেশনে এসে বাংলাদেশমুখী ডাক দিয়ে যেতো আর নিয়ে যেতো ভারতগামী ডাকের ব্যাগ; কিন্তু এতদিন ধরে ডাক দেওয়া-নেওয়া বন্ধ থাকায় সিলেট প্রধান ডাকঘর থেকে আসা চিঠিপত্র ভারতে পাঠাতে না পারায় স্তুপাকারে রাখতে হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানালেও কোন প্রতিকার হচ্ছে না। ইতোমধ্যে প্রায় ১ হাজার ২০০টি ব্যাগ জমা হয়েছে।
অবিলম্বে দু’দেশের মধ্যে লোক চলাচল কার্যক্রম চালুর দাবিতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ২২ নভেম্বর প্রথমেই জকিগঞ্জ ইমিগ্রেশন ও স্থলশুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। বর্তমানে লোকবল ও অবকাঠামো সহ সবকিছু বহাল থাকলেও কেন ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রয়েছে তা বোধগম্য নয়।
জকিগঞ্জ স্থলশুল্ক স্টেশনের এলসিও আমিনুল হক বলেন, স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে যাত্রী পারাপার বন্ধ রয়েছে তা জানা নেই।