জাকারিয়া হোসেন : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ২০৪১ সালের বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা। তাই বর্তমান শিশু-কিশোরদেরকে সোনার মানুষ হয়ে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করতে হবে।
তিনি আরও বলেছেন, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা সুপ্ত প্রতিভা বিকাশের উত্তম মাধ্যম। এসব চর্চায় দেশপ্রেম শাণিত হয়। মানুষের প্রতি ভালবাসা জন্মে। কেউ বিপথগামী হয়না। মন থেকে অস্থিরতা, ভেদাভেদ ও সাম্প্রদায়িক চিন্তাভাবনা দূর হয়ে যায়।
বিভাগীয় কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জীবনাদর্শ ধারণ করতে শিশু-কিশোরদের পরামর্শ দেন। একই সঙ্গে অভিভাবকদের প্রতিও আহবান জানান।
সোমবার বিকেলে সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো মাহফুজ আফজাল। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন। পরিচালনায় ছিলেন, নাজমা পারভীন।
সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায়, যাতে তারা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। বর্তমান সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু একজন ভাল খেলোয়াড় ছিলেন। ভালবাসতেন বই পড়তে আর গান শুনতেও। ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে মধ্য দিয়ে বিশ্বজুড়ে রাজনীতির কবি হিসেবে নন্দিত হন।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো মাহফুজ আফজাল বলেন, নতুন প্রজন্মকে আলোকিত পথ ধরে এগিয়ে যেতে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
সিলেটে দু’দিনব্যাপী সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার ৭৯টি বিষয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় অনুষ্ঠিত হয়। অতিথিরা ২৩৭টি পুরস্কার শিশু-কিশোরদের হাতে তুলে দেন।