উপজেলা ও পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আ লীগের চার নেতাকে অব্যাহতি

প্রকাশিত May 21, 2022
উপজেলা ও পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আ লীগের চার নেতাকে অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এরমধ্যে উপজেলা পরিষদের বর্তমান একজন ও সাবেক দুইজন চেয়ারম্যান রয়েছেন। একই সঙ্গে এ চারজনের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে অপর চার নেতাকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আবু তাহের।
এ সম্পর্কে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির বলেন, দলীয় নির্দেশ ও শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘নৌকা’ প্রতীকের বিরুদ্ধে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মো মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মো আবু তাহের। তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশে এ চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো আংগুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।