সুবর্ণা হামিদ : সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে অবনতি ঘটছে জকিগঞ্জে। বরাক, সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে ডাইক ভেঙে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে শুরু করে।
বৃহস্পতিবার মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার আমলসিদ এলাকায় কুশিয়ারা ডাইক ভেঙে যায়। এই ভাঙন দিয়ে ভারত থেকে বরাক নদী হয়ে নেমে আসা ঢলের পানি প্রচণ্ড গতিতে বাংলাদেশে প্রবেশ করতে থাকে।
জকিগঞ্জ থেকে সাংবাদিক শ্রীকান্ত পাল জানান, আমলসিদের ভাঙন সহ সুরমা ডাইকের ৩টি ও কুশিয়ারা ডাইকের ৪টি ভাঙন দিয়ে ঢলের পানি ঢুকে উপজেলার বন্যা পরিস্থিতি জটিল রূপ দিতে যাচ্ছে বলে জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে কমপক্ষে ৮০টি গ্রাম ও বিপুল পরিমাণ ফসলি জমি। পানি দ্রুত বাড়ছে।
তবে উপজেলা সদরে এখন আর পানি নেই। নদীগুলোতে পানি কিছুটা কমলেও হাওর এলাকায় বেড়েই চলেছে।
আমলসিদের ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় পাশের কানাইঘাট উপজেলার কিছু অংশেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে সাংবাদিক আলিম উদ্দিন জানিয়েছেন।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো মজিবর রহমান শুক্রবার বিকেলে আমলসিদের ভাঙন সহ উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
সিলেট মহানগরীতেও পানি কমেছে। তবে পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি।
অন্যান্য উপজেলার কোথাও পানি বেড়েছে কোথাও কমেছে।
সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া বন্যা পরিস্থিতির অবনতির আশংকা বিরাজ করছে।