সিলেটে বন্যার্তদের দু’হাতে মানবিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত May 18, 2022
সিলেটে বন্যার্তদের দু’হাতে মানবিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের বন্যার্তদের জন্যে ত্রাণের কোন অভাব হবেনা। প্রধানমন্ত্রী নিজে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। তবে ত্রাণ বিতরণে যেন কোন ত্রুটি না হয়। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সবধরনের সহায়তা পায় সেদিকে জনপ্রতিনিধিদেরকেও কড়া নজর রাখতে হবে।
সিলেট জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে নদীখনন অপরিহার্য। এ বিষয়টি নিয়ে উপরে তদবির করা হবে।
তিনি খাদ্যমন্ত্রীর বরাত দিয়ে জানান, খাদ্যের কোন সংকট হবেনা। পর্যাপ্ত খাদ্য মজুত আছে।
পররাষ্ট্রমন্ত্রী পুকুর ও দিঘি ভরাটের বিরুদ্ধে সোচ্চার থাকার উপর আবারও গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান নিশ্চিত করেন, সিলেটের জন্যে ত্রাণের কোন অভাব হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ, দু’হাতে যেন বন্যার্তদের মানবিক সহায়তা দেওয়া হয়। তবে জরিপ অনুসারে ঘরের জন্যে টিন দেওয়া হবে।
তিনি জানান, সুরমা ও কুশিয়ারা নদী খনন ও দু’তীর উঁচু করার বিষয়টি ডেল্টাপ্ল্যানে আছে। তবে কাজটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আগামী ২০৩১ সাল নাগাদ সকল ছোটনদী খনন সম্পন্ন হবে।
ডা এনামুর রহমান বলেন, নদীশাসন হয়ে গেলে বাংলাদেশ বন্যা সহনীয় দেশ হয়ে উঠবে। তখন উজান নেমে আসা ঢল ও অতিবৃষ্টির পানি দ্রুত নিচের দিকে নেমে যাবে।
সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব তার নির্বাচনী এলাকার নানা সমস্যা তুলে ধরে সমাধানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন সুনামগঞ্জ জেলা সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা তুলে ধরেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো কামরুল হাসান এনডিসি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা নিজ নিজ এলাকায় বন্যা পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিবরণ দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।