নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাকস্তানি হানাদার মুক্ত হলো। একনদী রক্তে স্বাধীন স্বদেশে ফিরলেন নতুন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বজনহারা-সর্বস্বহারা সাড়ে সাতকোটি মানুষকে স্পষ্টই জানিয়ে দিলেন ‘তিন বছর আমি কিছুই দেবার পারুমনা।’ ডাক দিলেন ধ্বংসস্তুপের উপর কাঙ্ক্ষিত স্বদেশ বিনির্মাণের। ১৫ কোটি হাত আবারও সক্রিয় হয়ে উঠলো।
অনেদিকে বিষ ছড়াতে থাকলো নাগিনীরা। তবু ঠিক তিন বছরের মাথায় যাত্রা শুরু হলো স্বপ্নের সোনারবাংলার পথে; কিন্তু হিংস্র শ্বাপদের থাবা থেকে রেহাই মিললোনা। পরিবার-পরিজন এমনকি ১০ বছরের শিশুপুত্র সহ প্রাণ দিতে হলো স্বাধীনতার মহানায়ককে। তবে বিদেশে থাকায় বেঁচে গেলেন দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। এক দেশ থেকে আরেক দেশে। কঠিন জীবন সংগ্রাম। অকালে হারানো বাবা, মা, ভাই, ভ্রাতৃবধূ ও স্বজনদের স্মৃতি নিয়ে বেঁচে থাকার দুঃসহ যন্ত্রণা বুকে। মনে ফিরে আসার প্রচণ্ড তাগিদ; কিন্ত পরিবেশ-পরিস্থিতি সুযোগ দিচ্ছিলনা।
এমনি এক প্রতিকূল পরিস্থিতিতেই বাঙালির স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম রাজনৈতিক দল, পঁচাত্তরের পনেরো আগস্টের পর জাতির সামনে আশার আলো জ্বেলে গহীন গহ্বর থেকে উঠে আসা আওয়ামী লীগ আরেকটি ঐতিহাসিক দায়িত্ব পালন করলো। সভাপতির আসনে অধিষ্ঠিত করলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। এই সিদ্ধান্ত যে বাংলাদেশের জন্যে কতটা প্রয়োজনীয় ছিল সেটা ইতোমধ্যে সার্থকভাবে প্রমাণিত হয়েছে।
প্রায় ছয়বছর পর দেশে ফিরলেন বঙ্গবন্ধুর সার্থক উত্তরসূরি শেখ হাসিনা। সময়টি ছিল ১৯৮১ সালের ১৭ মে। আকাশভাঙা বৃষ্টি ছিল সেদিনও। তাতে ছিল আনন্দ-বেদনার মিশ্রণ। লাখো বাঙালি প্রাণখুলে কাঁদলো। নতুন করে স্বপ্নও দেখলো। সময়ের সাহসী স্লোগান ‘মাগো তোমায় কথা দিলাম-মুজিব হত্যার বদলা নেবো’ উচ্চারণে অঙ্গীকারবদ্ধ হলো।
জাতি মুজিব হত্যার বদলা ঠিকই নিয়েছে। বিচার করেছে-দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে পঁচাত্তরের পনেরো আগস্টের খুনিদের। অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভীষ্ট লক্ষ্যে, যা গড়ে উঠতে না দিতেই বাঙালির দেশী-বিদেশী চিরশত্রুরা ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডটি ঘটিয়ে দেশ ও জাতির কপালে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছিল।