খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার || সিলেটে হবে ‘স্টিল রাইস সাইলো’ : খাদ্যমন্ত্রী

প্রকাশিত May 15, 2022
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার || সিলেটে হবে ‘স্টিল রাইস সাইলো’ : খাদ্যমন্ত্রী

জাকারিয়া হোসেন : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সিলেটে ধান-চালের মজুত ব্যবস্থা শক্তিশালী করতে একটি ‘স্টিল রাইস সাইলো’ নির্মাণ করা হবে।
রবিবার দুপুরে সিলেট সদর খাদ্য গুদাম-এলএসডি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, আগাম বন্যায় হাওরের ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে জাতীয় খাদ্য নিরাপত্তায় এটি তেমন প্রভাব ফেলবেনা। কারণ এবার হাওরে ধানের চাষাবাদ গতবারের চেয়ে বেশি জমিতে হয়েছিল। এছাড়া সামনে আউশ উৎপাদন হবে। কৃষক দ্রুতই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
ধানের দাম বাড়ানো হবে কি না-এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, যৌক্তিকভাবে ধানের দাম নির্ধারণ করা হয়, যাতে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়। সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা হিসাবে দিয়ে থাকে। ধানের দাম বাড়লে চালেরও দাম বাড়বে। সে কারণে যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামেই ধান-চাল সংগ্রহ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধ করেনি। বন্ধ করলেও তার প্রভাব বাংলাদেশে পড়বেনা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। সরকার জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড নাজমানারা খানুম, জেলা প্রশাসক মো মজিবর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো রায়হানুল কবীর, পরিচালক মো জামাল হোসেন, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো মাইন উদ্দিন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা।