জাকারিয়া হোসেন : লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেনের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় লন্ডনের ব্যবসায়ীদের সঙ্গে সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
স্পিকার ও প্রতিনিধি দলের সদস্যরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক জিয়াউল হক, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মো মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ফারুক আহমদ মিছবাহ, খন্দকার সিপার আহমদ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, গ্রেটার লন্ডন অথরিটির নির্বাচিত সদস্য ও মেট্রোপলিটন পুলিশের চেয়ারম্যান উনমেশ দেশাই, লন্ডন টি এক্সচেঞ্জের সিইও শেখ অলিউর রহমান, রেডস্ট্রাইকের সিইও ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাইক ফারনান, ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও, বাংলাদেশ ও মালয়েশিয়া ক্রিকেট বোর্ডের সাবেক জাতীয় কোচ মো শহিদুল আলম (রতন), উক্সব্রিইজ ব্রাঞ্চ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদির, ইউরোপিয়ান ক্যারাম কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও টাওয়ার হ্যামলেটস স্পিকারের কনসোর্ট মোহাম্মদ আলী, সিটি অফ লন্ডন কর্পোরেশনের কাউন্সিলর ও লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মুনসুর আলী, ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিলের চেয়ারম্যান ফখরুল হক, ব্যবসায়ী ও উদ্যোক্তা মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, আব্দুল করিম নাজিম, আসিক রহমান, সিলেট চেম্বারের সদস্য এ কে এম আশরাফ উদ্দিন, আলতাফ হোসেন, আরিফ হোসেন, মো আবুল কালাম প্রমুখ।
মতবিনিময় সভায় স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন বলেন, লন্ডনে অবস্থানরত বাংলাদেশীরা ব্রিটেনের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। টাওয়ার হ্যামলেটস বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী বসবাস করেন, যাদের সিংহভাগই সিলেটের অধিবাসী। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পেলে তারা অবশ্যই দেশে বিনিয়োগে এগিয়ে আসবেন।
তিনি উল্লেখ করেন, সিলেটের সঙ্গে তাদের শেকড়ের বন্ধন রয়েছে। তারা ব্রিটেনে গড়ে উঠা প্রবাসী নতুন প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্টকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার চালু ও টাওয়ার হ্যামলেটস তথা লন্ডনের ব্যবসায়ীদের সঙ্গে সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স বৃহত্তর সিলেটের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও প্রবাসীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। প্রবাসীদের জন্য সঠিক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি ও নিরাপত্তা বিধানে সরকার অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক অন্যতম।
তিনি এই মেগা প্রকল্পে বিনিয়োগে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।