নিজস্ব প্রতিবেদক : সিলেটে কারও বিরুদ্ধে তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সয়াবিন তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জেলার তেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে জরুরি মতবিনিময় ও অবহিতকরণ সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো ফখরুল ইসলাম এই হুশিয়ারি দিয়েছেন।
সোমবার সকালে সিলেটের প্রধান পাইকারি ও খুচরা বাজার কালীঘাট এলাকার সিলেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহউদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং জেলার বিভিন্ন ব্রান্ডের তেলের ডিলার, ডিস্ট্রিবিউটর ও ডিপো ইনচার্জগণ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো ফখরুল ইসলাম বলেন, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের তেলের বাজারে একটি অস্থায়ী সংকট তৈরি হলেও সরকার নতুন করে দাম নির্ধারণ করে দেওয়ায় এখন আর সংকট নেই। কোম্পানিগুলো এখন পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছে। সিলেটের ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছেও।
তিনি ব্যবসায়ীদেরকে আতঙ্কিত না হয়ে তেল অর্ডার করে তা খুচরা বাজারে সরবরাহ করার জন্য আহবান জানান।
উপপরিচালক সিলেটের বিভিন্ন ব্রান্ডের তেলের ডিপোকে যথাসময়ে অর্ডার অনুসারে তেল সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, কোন ব্যবসায়ী যদি অধিক মুনাফার লোভে তেল মজুত করে রেখে থাকেন তাহলে তারা যেন তা অবিলম্বে বাজারে বিক্রির ব্যবস্থা করেন। অন্যথায় কারও বিরুদ্ধে তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা যথাসময়ে অর্ডারকৃত তেল ডিপো থেকে সরবারাহ করা হয়না বলে জানালে ডিপোগুলোর পক্ষ থেকে তেল সরবারাহে আর কোন ধরনের বিঘ্ন হবেনা বলে নিশ্চিত করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ চলতি সপ্তাহের মধ্যেই ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তারা ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপন করেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি