বাপ্পা মৈত্র : সিলেটবাসীর আরও একটি প্রত্যাশা পূরণ হতে চলেছে। দৃশ্যমান হয়ে গেছে জেলা হাসপাতাল ভবনের ৬৫ শতাংশ। এ বছর ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজের অবশিষ্টাংশ সম্পন্ন হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩০ জানুয়ারি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় ওসমানী মেডিক্যাল কলেজের পরিত্যক্ত আবুসিনা ছাত্রাবাসের জায়গায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জায়গার পরিমাণ ৬ দশমিক ৯৮ একর। সিলেটবাসী এই উদ্যোগকে স্বাগত জানান। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন, কখন গণপূর্ত অধিদপ্তর নির্মাণকাজ শুরু করবে।
প্রায় দু’বছর পর শুরু হয় জেলা হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। অবকাঠামো নির্মাণে দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; কিন্তু মাস তিনেক না যেতেই মহামারি করোনা হানা দেয়। ফলে কাজের অগ্রগতি দফায় দফায় ব্যাহত হতে থাকে।
জেলা হাসপাতাল ভবনের নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৮৫ কোটি টাকা। শয্যা সংখ্যা হবে ২৫০। চতুর্থ তলায় বিশ্বব্যাংকের অর্থায়নে রাখা হচ্ছে ১০টি আইসিইউ বেডসহ ৩০ বেডের স্থায়ী করোনা ইউনিট। আরও থাকছে, বেজমেন্টে পার্কিং, প্রথম তলায় টিকিট কাউন্টার ও ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় কিছু কক্ষ, দ্বিতীয় তলায় আউটডোর, রিপোর্ট ডেলিভারি ও কনসালটেন্স চেম্বার, তৃতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টার, চতুর্থ তলায় কার্ডিয়াক ও জেনারেল অপারেশন, আইসিইউ ও সিসিইিউ, পঞ্চম তলায় গাইনি, অবথালমোলজি, অর্থপেডিক্স ও ইএনটি বিভাগ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় ওয়ার্ড ও কেবিন। এর মধ্যে থাকবে আইসিইউ বেড ১৯টি, সিসিইউ বেড ৯টি ও কেবিন ৪০টি। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে ৯০০-১০০০ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার বসানো হবে। জরুরি প্রয়োজনের জন্য ৩০০ কেভি অটোডিজেল জেনারেটরও রাখা হচ্ছে।
তবে জেলা হাসপাতাল ভবন নির্মাণ নিয়ে গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয়হীনতাহীনতা রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, সিলেট স্বাস্থ্য বিভাগকে নির্মাণ কাজের কোনো তথ্য না দেওয়ার; কিন্তু গণপূর্ত বিভাগ অন্য কথা বলছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা হিমাংশু লাল রায় জানান, জেলা হাসপাতাল ভবন নির্মাণ কাজের অগ্রগতি সংক্রান্ত কোনো তথ্য স্বাস্থ্য বিভাগে নেই। বিষয়টি সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
অন্যদিকে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় জানান, অভিযোগ সঠিক নয়। জেলা হাসপাতালের জায়গা, ভবন ও অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। মন্ত্রণালয়ের চিঠির পর টেন্ডার শিডিউল ও নকশাসহ কাগজপত্র সিলেট স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়েছে। প্রতি তলার ছাদ ঢালাইকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিতও ছিলেন।
তিনি জানান, সিলেট স্বাস্থ্য বিভাগকে একজন কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছিল, যাতে নির্মাণ কাজের তদারকি যথাযথ হয়; কিন্তু দেওয়া হয়নি।