জগন্নাথপুর প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কোন সুযোগ নেই। অকাল বন্যা ও পাহাড়ি ঢল মোকাবিলায় আগামীতে নদ-নদী ও খাল-বিল খনন করা হবে। তবে হাওরের মধ্যে আর কোনো উঁচু সড়ক নির্মাণ করা হবে না, যা পানি চলাচলে বাধা দেয়। এখন থেকে হাওরে শুধু উড়াল সেতু হবে। ডুবা জায়গায় রাস্তা করা হবে না।
সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তর করতে আমরা কাজ করছি। শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে। আমরা আমাদের জীবদ্দশায় সুন্দর বাংলাদেশের সূচনা দেখে যাচ্ছি। বাংলাদেশের জয়যাত্রা আর কেউ থামাতে পারবে না। কেউ কল্পনাও করতে পারেনি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলেই এসব হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন।
পরে পরিকল্পনা মন্ত্রী নলজুর নদীর উপর দেবে যাওয়া ডাকবাংলো সেতু পরিদর্শন করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
তিনি জগন্নাথপুর থানার নতুন ভবনের নির্মাণ কাজ ও সিসি ক্যামেরার কার্যক্রম পরিদর্শনসহ পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।