সিলেটে লালদিঘি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি

প্রকাশিত May 2, 2022
সিলেটে লালদিঘি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর লালদিঘি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে।
সোমবার শেষরাত সোয়া ৩টার দিকে হকার্স মাকেটের ৫ নম্বর গলিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশের দু’টি গলিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা চালায়; কিন্তু পানি সংকটে বিপাকে পড়ে।
তবে শেষপর্যন্ত ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, ততক্ষণে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
অন্যদিকে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা ২৫টির মতো। এরমধ্যে অর্ধেকই একেবারে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ সময়সাপেক্ষ হলেও তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন হকার্স মার্কেটে ছুটে যান।