নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঐতিহাসিক শাহী ঈদগায় ঈদ জামাতের প্রস্তুতির অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।
করোনার কারণে টানা দুই বছর পর এবার মোগল আমলে স্থাপিত এই বিশাল ঈদগা ময়দানে সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আগেই সময়সূচি প্রকাশ করা হয়েছিল। মেয়র শুক্রবার দুপুরে ঈদ জামাতের প্রস্তুতিকাজ দেখে সময় চূড়ান্ত করেন।
মেয়র সিসিক কাউন্সিলর রাশেদ আহমদ ও রেজওয়ান আহমদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে ঈদগা ময়দান পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মহামারি করোনার কারণে গত দু;বছর ঈদের নামাজ শাহী ঈদগায় আদায় করা যায়নি। এবার সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় নগরবাসীর মনে এখানে নামাজ আদায়ে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
মেয়র জানান, ঈদের জামাত নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে শাহী ঈদগা এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।
এবার ঈদের জামাতে খুতবা দেবেন ও ইমামতি করবেন, শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারুক্ব বর্ণভী-পীর সাহেব বরুণা।