সুবর্ণা হামিদ : পুরো দুই বছর জীবন ছিল ঘরবন্দি। তবে বর্ষপরিক্রমায় ঈদ এসেছিল ঠিকই; কিন্তু ঈদের বাজার বলতে যা চোখে ভাসে তা কোথাও ছিলনা। কেনাকাটা ছিল একেবারে সীমিত। সময়ের কাঠামোতে আবদ্ধ বেচাকেনায় না ছিল ক্রেতার তৃপ্তি না ছিল বিক্রেতার। তারউপর ভয়ংকর করোনা সংক্রমণের আতংক সারাক্ষণ তাড়া করে ফিরছিল।
না, এখনও বিশ্ব করোনামুক্ত হয়নি। তবে স্বস্তিকর পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে, যেমনি ভয়াবহ সংক্রমণকালেও অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট স্বস্তিতে ছিল। তবে স্বাস্থ্যবিধির প্রতি অধিকাংশ মানুষের উদাসিনতায় আতংক পিছু ছাড়ছেনা।
বেশ দীর্ঘ সময় ধরেই দেশে করোনায় প্রাণহানি শূন্যের কোঠায়। সংক্রমণ এক শতাংশের বেশ নিচে। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রাণ ফিরে পেয়েছে বাজার। সারাদেশের মতো সিলেটেরও ঈদবাজার ফিরে পেযেছে আগের রূপ। সবাই যেন গত দুই বছরের অতৃপ্তি নিয়ে মেতে উঠেছে কেনাকাটায়। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন ব্যবসায়ীরা। তাই বেশ আগে থেকেই পণ্যের ভাণ্ডার সমৃদ্ধ করে রাখতে উঠেপড়ে লেগেছিলেন।
ফলশ্রুতিতে নতুন নতুন ডিজাইনের পোশাকে ভরপুর সাধারণ দোকান থেকে শুরু করে বিপণিবিতানগুলো। বর্ণিল করে সাজানোতে চলছে এক ধরনের প্রতিযোগিতা। লাল-নীল বাতিতে ঝলমল। সকাল থেকে সেহরি পর্যন্ত চলছে কেনাবেচা। এ কারণে পথ চলতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে। মহানগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া ও আম্বরখানা সহ সব এলাকায় শপিংমলগুলোতে উপচেপড়া ভিড়। এমনকি ফুটপাতের দোকানেও বেচাকেনার কমতি নেই।
কথা হলো কলেজ ছাত্রী জান্নাত নূর পান্নার সঙ্গে। জানালেন, নতুন বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে প্রথম ঈদ। গত দুই বছর করোনার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। তাই এবার দ্বিগুণ আনন্দ। দু’হাতে কেনাকাটা করছেন।
সাবরিনা জাহান বললেন, এবারের ঈদ আসলে একটু বেশি আনন্দ নিয়ে এসেছে। কারণ প্রায় দু’বছর ঘরবন্দি থাকায় মনমানসিকতাও বন্দি হয়ে পড়েছিলো। আবার আগের মতো কেনাকাটা করতে পারছেন বলে খুব ভাল লাগছে: কিন্তু যানজট অসহনীয়। এ কারণে অনেক সময় নষ্ট হচ্ছে।
ঈদবাজার কেমন জানতে চাইলে-জানালেন, এবার দাম তেমন একটা বেশি বলে আমার মনে হচ্ছে না। মোটামুটি সামর্থের মধ্যেই আছে।
অন্যদিকে জিন্দাবাজারের সিটি সেন্টারে আলিশার ব্যবসায়ী আব্দুল মুকিতও জানান, এবারের ঈদে ব্যবসা ভালো।। গত দুই বছর লোকসান হয়েছে। আল্লাহ এবার মুখ তুলে তাকিয়েছেন। আগামী কয়েকদিনে বাজার আরও তেজি হবে বলে আশ করছেন।
কিন্তু তাঁতীপাড়ার এস বি কালেকশনের সুরঞ্জিত সরকারের উল্টো কথা। জানালেন, গতবারের চেয়ে এবার তাদের বেচাকেনা কম। বরং করোনার সময় ভাল ব্যবসা হয়েছে। তবু আশাবাদী, শেষের দিকে একটু ভাল হবে। অবশ্য এটাও মনে করছেন, তাদের দোকানে কেবল পুরুষের পোশাক। তাই হয়তো বেচাকেনা কম। সব ধরনের কাপড়ের দামও আগের চেয়ে বেড়েছে।
একই এলাকার আরেক ব্যবসায়ী রায়ান ফ্যাশনের শাকির আহমদেরও একই কথা। তাই বলে আশা ছাড়ছেন না। ঈদে তাদের ব্যবসা গতবারের চেয়ে খারাপ হওয়ার কারণ বুঝতে না পারলেও আশা করছেন, শেষপর্যন্ত বাজিমাত করতে পারবেন।
ছবি : আনিস মাহমুদ