এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : কালনী ও মেঘনা নদীর পানি ঢুকে হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩টি হাওরে শতাধিক হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গোলায় উঠার অপেক্ষায় থাকা ৩ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। তাই কৃষকরা আধাপাকা ধানই কাটতে শুরু করেছেন।
উপজেলার লাখাই ইউনিয়ন এলাকায় প্রবাহিত মেঘনা ও কালনী সরাসরি হাওরের সঙ্গে যুক্ত; কিন্তু ফসলরক্ষা বাঁধ না থাকায় গত দু’দিন ধরে দুই নদীর পানি প্রবল বেগে হাওরে প্রবেশ করছে। এতে তলিয়ে গেছে শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান। পানি এখনও ঢুকছে।
লাখাই উপজেলায় এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু লাখাই ইউনিয়নেই রয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর। কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধান প্রায় ৬০ শতাংশ পেকে গেছে। অবশিষ্ট জমির অর্ধেক ধানও পাকেনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭০ হেক্টর বোরো জমি পুরোপুরিভাবে তলিয়ে গেছে। আগামী দু’দিন এভাবে পানি বাড়লে কমপক্ষে আরও ৫০০ হেক্টর জমি তলিয়ে যেতে পারে। অনেক কৃষক আধাপাকা প্রায় ৫০০ হেক্টর জমির ধান ঘরে তুলেছেন। বাকি জমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে। ধান কিছু কাঁচা থাকতেই কৃষকদেরকে কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকে তাই করছেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শরীফ উদ্দিন জানান, লাখাই ইউনিয়নের বোরো জমিগুলো তুলনামূলক নিচু। ধানগাছগুলো এখন তলিয়ে যায় যায় অবস্থায়। তাই দ্রুত ধান কাটার জন্য সকল কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিনহাজ উদ্দিন আহমেদ শোভন জানান, হবিগঞ্জের নদীগুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে। হাওরগুলোও এখন নিরাপদ। তবে যে স্থান দিয়ে পানি প্রবেশ করছে সেটি অনেক নিচু এলাকা।