বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ৪টি কূপে আবার গ্যাস উত্তোলন শুরু : অপর ২টি চালু হচ্ছে খুব শিগগির

প্রকাশিত April 5, 2022
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ৪টি কূপে আবার গ্যাস উত্তোলন শুরু : অপর ২টি চালু হচ্ছে খুব শিগগির

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বন্ধ ৬টি কূপের মধ্যে ৪টিতে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, অপর ২টিও খুব শিগগির চালু করা যাবে।
গ্যাসের সঙ্গে বালু উঠে আসায় রবিবার দুপুরে ৬টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেলে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
সেদিন রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে; কিন্তু কোন কূপ থেকে উঠছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে ৬টি কূপে গ্যাস উত্তোলন বন্ধ করে দিতে হয়। এই সমস্যা সমাধানে কয়েকদিন সময় লাগবে।
তবে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমানের সঙ্গে মঙ্গলবার রাত ৯টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছয়টি কূপের মধ্যে ৪টি বিকেল ৪টায় চালু হয়েছে। কাজ চলছে, অপর কূপ ২টিও শিগগির চালু হয়ে যাবে।