তেলিয়াপাড়া স্মৃতিসৌধের ভূমি মুক্ত করে গড়ে তোলা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রকাশিত April 4, 2022
তেলিয়াপাড়া স্মৃতিসৌধের ভূমি মুক্ত করে গড়ে তোলা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর

তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের সাংগঠনিক সূতিকাগার তেলিয়াপাড়া। একাত্তরের ৪ এপ্রিল এখানে বসেই বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সহ বাঙালি অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তারা যুদ্ধ পরিকল্পনা তৈরি করেন।
তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় অনুষ্ঠিত হয় সভা। দেশকে স্বাধীন করার বজ্রকঠিন শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই। এ সময়ই দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রথমদিকে তেলিয়াপাড়াকে অস্থায়ী রাজধানী করারও পরিকল্পনা করা হয়। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। ইতিহাসের সাক্ষী সেই বাংলোটি এখনও টিকে আছে; কিন্তু জাদুঘরে রূপান্তরের দাবিটি বাস্তবায়িত হয়নি।
প্রতিবছরের মতো এবারও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনীর মধ্য দিয়ে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক পরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপসের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন ও মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, স্মৃতিসৌধের জায়গাটির ইজারা বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইজারা বাতিল হলে স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলা হবে।