তাহিরপুরে নজরখালি বাঁধ দিয়ে পানি ঢুকছে : তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর জমির ধান

প্রকাশিত April 3, 2022
তাহিরপুরে নজরখালি বাঁধ দিয়ে পানি ঢুকছে : তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর জমির ধান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার নজরখালি বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে। ইতোমধ্যে তলিয়ে গেছে প্রায় ৩ হাজার হেক্টর জমির আধাপাকা ধান। কৃষকরা স্বেচ্ছাশ্রমে টানা তিনদিন কাজ করেও কষ্টের ফসল রক্ষা করতে পারলেন না।
শনিবার সকাল থেকে পাহাড়ি নদী পাটলাইয়ের পানি বৃদ্ধি পেয়ে নজরখালি বাঁধ ভেঙ্গে কৃষকদের চোখের সামনেই সোনার ফসল তলিয়ে যেতে থাকে। রবিবারও প্রবল বেগে হাওরে পানি ঢুকছিল।
টাঙ্গুয়ার জলাভূমির হাওর হিসেবে খ্যাত হলেও হাওরের কান্দাগুলোতে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পার্শ্ববর্তী জয়পুর, গোলাবাড়ি, মন্দিয়াতা, রংচি ও স্বপনগরসহ বিভিন্ন গ্রামের কৃষকরা ভাটিবাংলার প্রধান সম্পদ বোরো ধান চাষাবাদ করেন। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গুয়ার হাওরের ৩টি বাঁধ মেরামতের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৮ লাখ টাকা বরাদ্দ দেয়; কিন্তু গত দুই দিনে পাটলাই নদীতে আগাম পানি আসায় নজরখালি বাঁধটি সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে জয়পুর ও গোলাবাড়ি গ্রামের কাছে ভেঙ্গে যায়।
টাঙ্গুয়ার হাওরপাড়ের গোলাবাড়ি গ্রামের কৃষকরা জানান, গত দু’দিন ধরে নজরখালি বাঁধটি ভেঙ্গে হাওরের ভিতরে পানি ঢুকছে। তলিয়ে গেছে প্রায় ৮২টি গ্রামবাসীর কষ্টের ফসল বোরো ধান। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ বাঁধ রক্ষায় কাজ করেছেন: কিন্তু শেষরক্ষা হয়নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবির জানান, টাঙ্গুয়ার হাওরে বোরোর চাষাবাদ হয় খুবই কম। অন্যান্য বাঁধ রক্ষায় প্রশাসন সার্বক্ষণিক মাঠে আছে।