সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশের ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তির দাবিতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, অন্যতম নেতা সালেহীন চৌধুরী শুভ ও এ কে পাশা।
বক্তারা বলেন, হাওর এলাকার কৃষকদের বেঁচে থাকার প্রধান অবলম্বন হচ্ছে বোরো ফসল; কিন্তু ফসলরক্ষা বাঁধের কাজে অনিময় ও দুর্নীতির কারণে তাহিরপুর উপজেলায় একটি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে পড়ায় কৃষকদের কষ্টের সোনালী ফসল তলিয়ে গেছে।
তারা অবিলম্বে বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশের ঘটনা তদন্ত করে এ জন্যে দায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।