বানিয়াচংয়ের হাওরে ভেজাল বীজের কারণে এবার ফলন কম হওয়ার আশংকা কৃষকদের

প্রকাশিত April 2, 2022
বানিয়াচংয়ের হাওরে ভেজাল বীজের কারণে এবার ফলন কম হওয়ার আশংকা কৃষকদের

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলার একটি হাওরে কয়েক হাজার একর জমিতে এবার ফলন কম হওয়ার আশংকা দেখা দিয়েছে। কারণ ভেজাল বীজ। কৃষকরা এ অভিযোগ করেছেন। একই সঙ্গে দাবি তুলেছেন, ক্ষতিপূরণের। এ দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনও করেছেন।
উপজেলার ইকরাম সুজাতপুর হাওরে বিপুল জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা; কিন্তু অন্যান্য বছর আশানুরূপ ফলন পেলেও এ বছর অধিকাংশ জমিতে অর্ধেক চারায় ধান গজায়নি। কৃষকর নিশ্চিত, এসব চারা থেকে ফলন পাওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ বীজে ভেজাল। এ অবস্থায় কৃষকরা দারুণ দুশ্চিন্তায় ভুগছেন। অথচ ফসলের আশায় মহাজনের নিকট থেকে আনা ঋণ পরিশোধ নিয়ে সবার মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রন্ত কৃষকদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে দাবি জানিয়েছেন স্থানীয় সেচ প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক নয়ন মনি সূত্রধর আশ্বাস দিয়েছেন, অভিযোগ পেলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।