মোটরসাইকেলে সিলেট আসার পথে দুই তরুণ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত April 1, 2022
মোটরসাইকেলে সিলেট আসার পথে দুই তরুণ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

মাধবপুর প্রতিনিধি : মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সিলেটে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিনগত রাত দেড়টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে। হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত তরুণরা হলেন, মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি ও রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জুবায়ের আল হাসান জামি ও রাজিব আহমদ গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করেন; কিন্তু ঢাকা যাওয়ার পথে রাতে ভৈরবে পৌঁছার পর রাজিব আহমদ ও নরসিংদী এলাকায় পৌঁছার পর জুবায়ের আল হাসান জামি মারা যান।
জুবায়ের আল হাসান জামির চাচা আওলাদ হোসেন জানান, দুজন মোটরসাইকেল যোগে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে যাচ্ছিলেন। জুবায়ের আল হাসান জামি সেখানকার একটি কলেজে মাস্টার্সে পড়ছিলেন। রাজিব আহমদ ব্যবসা করতেন।