বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন সফল রাষ্ট্রনায়ক। তার প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু দলের নয়, জাতীয় অস্তিত্বের দর্শন। আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে; কিন্তু তারাই স্বাধীনতার মূলনীতি ধ্বংসের মূল হোতা। তারা শুরু থেকেই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। নিজেদের স্বার্থে ’৭২ সালে সংবিধান সংশোধন করে একদলীয় বাকশাল কায়েম করে। তাদের দুঃশাসনের কারণে ’৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়। অথচ ’৭৬ সালে শহীদ জিয়া ক্ষমতায় থাকাকালে দেশে সমৃদ্ধির জোয়ার সৃষ্টি হয়েছিল।
তিনি আরও বলেছেন, আওয়ামী-বাকশালের ধ্বংসস্তুপ থেকে টেনে এনে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তাই তাদের মুখে শহীদ জিয়ার সমালোচনা শোভা পায়না। শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্রের নতুন উদাহরণ সিলেটে দিনের ভোটে নেতৃত্ব নির্বাচন। গণতন্ত্র হত্যাকারী সরকারের কাছে জেলা বিএনপির ভোট নজির হয়ে থাকবে। তৃণমূলের ভোটে নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে আগামীতে দেশে বড় আন্দোলনের পথ প্রশস্ত হবে। বাকশালী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান গার্মেন্টস ও রেমিটেন্স সিস্টেম চালুর মাধ্যমে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি সুচনা করেছিলেন। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রুরা তাকে হত্যা করে। তারাই তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। বিচার বিভাগকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনকে দলীয় ক্যাডারের ভূমিকা পালনে বাধ্য করছে। মেগা উন্নয়নের নামে আওয়ামী লীগ মেগা লুটপাট করছে। ১০ হাজার কোটি টাকা দিয়ে শুরু করা পদ্মা সেতুর ব্যয় বাড়তে বাড়তে ৩০ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
তিনি বলেন, দুর্নীতির টাকা তারা বেগম পাড়ায় পাচার করছে। দলীয় লোকদের গঠিত সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক উর্ধ্বগতি। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ। খুন, গুম, হত্যা ও ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতির ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে। সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীকে গুম করে রাখা হয়েছে। অবিলম্বে তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে সময়ের ব্যবধানে সকল হিসাব আওয়ামী লীগকে দিতে হবে।
বিএনপির জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, জেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথি ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুভূতি পেশ করে বক্তব্য রাখেন, নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা মঈন উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি