বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে কৃষিখাতে এগিয়ে নিতে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, কৃষক ও কৃষিবিদদের প্রচেষ্টায় কৃষিখাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও অনন্য স্বপ্নদর্শী নেতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, এ দেশে এখনও অনেকে বঙ্গবন্ধুর অবদানকে অবমূল্যায়ন করার দুঃসাহস দেখায়; কিন্তু তিনি যা করে গেছেন তা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কীর্তি হয়ে থাকবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড এম এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মো আব্দুল গণি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবির উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদার।
অধ্যাপক ড মো আব্দুল গণি বলেন, বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে বলা হয়, সেটা খুবই ভালভাবে প্রমাণিত। বিবিসির জরিপে সেরা বাঙালির তালিকায় সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে তার নাম আসে।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড মো আনোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা, অফিসার পরিষদের সভাপতি মো আনিছুর রহমান, লেকচারার-এসিস্ট্যান্ট প্রফেসর সোসাইটির সভাপতি মো নাজমুল আলম টিপু ও কর্মচারী পরিষদের সদস্য মো আতাউর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি