অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরও গতিশীল করার অঙ্গীকারে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিত March 26, 2022
অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরও গতিশীল করার অঙ্গীকারে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : আনন্দ আর অঙ্গীকারের মিশেলে সারাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মহানায়কের জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উযাপিত হলো।
বাঙালির ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনটিকে উপলক্ষ করে দেশজুড়ে ছিল বর্ণিল আয়োজন। সূর্যোদয় থেকে শুরু করে গভীররাত পর্যন্ত চলে অনুষ্ঠানমালা। কোথাও কোথাও আগামী কয়েকদিনও অনুষ্ঠান চলবে।
প্রতিটি চোখে ছিল আনন্দধারা আর মুখে ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা অর্থাৎ ত্রিশলাখ শহীদের রক্তস্নাত প্রিয় স্বদেশকে বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দৃপ্ত শপথ। অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরও গতিশীল করার উচ্চারণও ছিল।
সিলেটে প্রধান কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহিদমিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। শনিবার সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলে।
এরপর ছিল আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আকর্ষণীয় সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরৎ প্রদর্শন। এবার জেলা স্টেডিয়ামে খেলা থাকায় জায়গা পরিবর্তন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় মঞ্চে ছিলেন, রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো মজিবর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। এছাড়া মহানগরীর বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিকেলে সম্মিলিত নাট্য পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানারকম কর্মসূচি পালন করে।