সুবর্ণা হামিদ : বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন সফলের দিন আজ। বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ছাব্বিশে মার্চ এ জাতির আরাধ্য পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে চূড়ান্ত নির্দেশে যার যা আছে তাই নিয়ে বাংলা মায়ের সূর্যসন্তানরা একটি ফুলকে বাঁচাতে, একটি মুখের হাসির জন্যে, নতুন একটি কবিতা লিখতে জীবনবাজি রেখেছিলেন।
অতঃপর নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। ত্রিশলাখ আত্মাহুতি। দুলাখ মা-বোনের ইজ্জত লুট। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নৃশংসতা-পৈশাচিকতা। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিশাল বধ্যভূমি; কিন্তু আবারও প্রমাণিত হয়, ‘বাংলাদেশ, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’।
আমাদের স্বাধীনতা ৫০ পার করলো। প্রিয় জন্মভূমির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি আমরা। স্বাধীনতার মহানায়কের জন্মশতবার্ষিকীর পাশাপাশি বছরজুড়ে দেশব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমাদেরকে নতুন করে উজ্জীবিত করুক।
ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনে ইতিহাস স্রষ্টা জাতির পিতা সহ বাঙালির সকল আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। পরম শ্রদ্ধা বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। জয়বাংলা।
সিলেটে স্বাধীনতা দিবসের সরকারি কর্মসূচি : ২৬ মার্চ ভোরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তোপধ্বনি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিজ নিজ বাসায় ও অফিসে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা, সড়ক ও সড়কদ্বীপ সজ্জিতকরণ, সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে মহিলাদের আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান, বাদজুমা মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে প্রার্থনা, হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৪টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কাবাডি প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, শিশুপার্ক ও জাদুঘর উন্মুক্ত রাখা, ২৭ মার্চ বিকেল ৩টায় সিলেট রাইফেলস ক্লাব প্রাঙ্গণে শ্যুটিং প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় কবি নজরুল অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কণ ও সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় টেনিস ক্লাবে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট, ২৮ মার্চ বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা এবং বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক পথনাটক।