শতভাগ বিদ্যুতায়নের সাফল্যে আজ সিলেটসহ সারাদেশে আনন্দ আয়োজন

প্রকাশিত March 21, 2022
শতভাগ বিদ্যুতায়নের সাফল্যে আজ সিলেটসহ সারাদেশে আনন্দ আয়োজন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সার্থক হয়েছে। বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতায়িত। এ সফলতা স্মরণীয় করতে আজ সোমবার দেশব্যাপী আনন্দ আয়োজনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটেও মহানগরীর মেন্দিবাগে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিকেল সাড়ে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অংশ নেবেন, সিলেটের বিশিষ্ট শিল্পীরা ও দেশের খ্যাতিমান ব্যান্ড দল। পরে সাউন্ড লাইট, লেজার শো ও আতশবাজি প্রক্ষেপণ অনুষ্ঠিত হবে।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান দেশের উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলায় আরও একটি সাফল্যের বারতা নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদিরও আজকের আনন্দ আয়োজনে অংশ নিয়ে দেশের অগ্রযাত্রায় আরেকটি মহাপরিকল্পনা বাস্তবায়নের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।