নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ রবিবার থেকে সিলেট জেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য চাল, ডাল ও চিনি বিক্রি শুরু হচ্ছে।
সিলেট মহানগরীর ৪৫ হাজার পরিবার সহ পুরো জেলায় মোট ১ লাখ ৮২ হাজার ৩৬৩ পরিবার নির্ধারিত কার্ডে মাসে দুইবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবে। সরকারের এই কার্যক্রমে সবমিলিয়ে স্বল্পআয়ের ৯ লাখ ১১ হাজার মানুষ উপকৃত হবেন।
পণ্যের মূল্য প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি চিনি ৫৫ টাকা। ইতোমধ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের (সিটি কাউন্সিলর, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য) মাধ্যমে প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছানো হয়েছে।
প্রথমদিন মহানগরীর ১৮টি ও বিভিন্ন ১৩টি উপজেলায় ৪৪টি জায়গায় ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করবে।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো মজিবর রহমান সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে মাছু দিঘিরপাড় সংলগ্ন মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করবেন।