নিজস্ব প্রতিবেদক : ‘বাঙালির শুদ্ধ নাম/ শেখ মুজিবুর রহমান।’ আজ তার জন্মদিন, যাকে পাওয়ার জন্যে জাতি হাজার বছর ধরে আরাধনা করছিল। যার কবিতার পংক্তিমালা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এখন বিশ্ব ঐতিহ্য, তিনি জন্মেছিলেন শতবর্ষ আগে মধুমতি তীরের টুঙ্গিপাড়ায়। সাল ১৯২০। দিনটি ১৭ মার্চ। যিনি জীবনের শেষদিন পর্যন্ত পরিবারে খোকা হলেও জাতির কাছে চিরকালের বঙ্গবন্ধু। পিতা। ইতিহাস তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে সর্বোচ্চ আসনটিই উপহার দিয়ে নিজেকে ধন্য করে নিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস। এবার বর্ণাঢ্য আয়োজনে জাতি দিনটি উদযাপন করবে। এ জন্যে সিলেটসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেটে সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকালে সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন, বাংলাদেশ শিশু একাডেমির ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সংগীত ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, আতশবাজি ইত্যাদি। এছাড়া প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।