সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আদালত থেকে আরেকটি ব্যতিক্রমী রায় দেওয়া হয়েছে।
এতে বিচারক আসামিদের কারাগারে না পাঠিয়ে সংসার জীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদি-বিবাদির মধ্যে আপস-নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৫০ নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো জাকির হোসেন এসব মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এ রায় দেন। এ সময় সকল মামলার বাদি-বিবাদি, তাদের আইনজীবী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
অন্যরকম এ রায় ঘোষণাই শেষ নয়। আদালতের পক্ষ থেকে ৫০ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় এই রায়কে যুগান্তকারী আখ্যায়িত করেন।
তিনি বলেন, আদালতে যে শুধু শাস্তি হয় তা না, পরিবারে শান্তিও ফেরানো হয়, এ রায়ে সেটা প্রমাণিত হলো।