নিজস্ব প্রতিবেদক : করোনা বিপর্যয়ের প্রায় দুই বছর রাজধানীতে অনেকটা আটকাই পড়েছিলেন মহান ভাষাসংগ্রামী, বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর মূল কারিগর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। এইতো কয়েকদিন আগেও ছিলেন হাসপাতালে; কিন্তু একটু শারীরিক সুস্থতা বোধ করা মাত্র শিকড়ের টানে-নাড়ির টানে প্রিয় সিলেটবাসীর কাছে ছুটে এসেছেন।
এ খবর পাওয়া মাত্র দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় জমান মহানগরীর ধোপাদিঘিরপাড়ে হাফিজ কমপ্লেক্সে। উদ্দেশ্য, প্রায় ৯০ বছরের প্রাণবন্ত মানুষটির ভুবন ভুলানো হাসিমাখা মুখটি দেখা। অসুস্থতায় শরীর দুর্বল, তবু বিছানায় শুয়ে শুয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করলেন অনেকক্ষণ। হাসলেন ঠিক আগের মতোই। সবার কামনা, এই হাসি অটুট থাকুক-শ্রদ্ধা ও ভালবাসার ‘স্যার’ আবুল মাল আবদুল মুহিত ভাল থাকুন।
সোমবার রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন সিলেটবাসীর পরমপ্রিয় আবুল মাল আবদুল মুহিত। ফুলেল শুভেচ্ছায় এই কৃতিপুরুষকে বরণ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন সহ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী। সেখান থেকে হাফিজ কমপ্লেক্স। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিজের বাসায়ই থাকবেন।