পলি রায়, সুনামগঞ্জ : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে তাহলে অতীতের মতো বড় দুর্যোগ নেমে আসবে।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তারা একথা বলেন।
দীর্ঘ ৬ বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জেলার সকল উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও অংশ নেন।
জেলা শিল্পকলা একাডেমির নতুন মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
নেতৃবৃন্দ বলেন, একটি চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। কৃত্রিম সংকট তেরি করেছে দেশে। এই চক্র সম্পর্কে সবাইকে সর্তক থাকতে হবে।
তারা আরও বলেন, করোনায় দুই বছর পর বিশ্ববাজার এখনও ঠিক মতো মাথা উচু করে দাড়াঁতে পারেনি। এ অবস্থায়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই সাবধান থাকতে হবে।
তারা দাবি করেন, বিএনপি-জামাতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই দেশ এখন উন্নয়মের মহাসড়কে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নিজেদের ঐক্য বজায় রাখতে হবে।