নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামাত ভোটের সরকার নয়, ‘বুটের সরকার’ প্রতিষ্ঠা করতে চায়; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবেনা।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর দরগাগেইটে শহীদ সোলেমান হলে জেলা ও মহানগর জাসদ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, একাত্তরের অগ্নিঝরা মার্চে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর মর্যাদা সহ আরও কিছু মৌলিক বিষয়ে তখনকার সাড়ে সাতকোটি বাঙালি সিদ্ধান্ত নিয়েছিল। এসব মৌলিক সিদ্ধান্ত থেকে সরে যাবার বিন্দুমাত্র সুযোগ নেই। এগুলোর ভিত্তিতেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, একাত্তরে পাকিস্তানকে বিদায় করেছিলাম। বিতাড়িত করেছিলাম রাজাকারদের; কিন্তু পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক বিপর্যয় নেমে আসে। সামরিকতন্ত্র দেশের বুকে থাবা বসায়। উদ্দেশ্য ছিল, পাকিস্তানের পথে যেতে। তাই সামরিকতন্ত্র ও রাজাকারতন্ত্র মিলে দেশের মূলনীতি পাল্টে দিতে উদ্যত হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে নির্বাসনে পাঠায়।
বিএনপি সামরিকতন্ত্রের বর্ধিত রূপ। মুখে বাংলাদেশের ও গণতন্ত্রের কথা বললেও মুখোশ পড়া পাকিস্তানি জঙ্গিবাদী। বিএনপি-জামাত চক্রের কারণেই দেশ এখন পর্যন্ত চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি।
জাসদ সভাপতি উল্লেখ করেন, জাতির সামনে এখন চারটি প্রশ্ন। এক : জাতীয় নির্বাচন, দুই : সাম্প্রদায়িক চক্র বিতাড়ণ, দুর্নীতি সিন্ডিকেট ও রাজনীতিতে গুণ্ডাতন্ত্র দমর এবং বৈষম্য ও বঞ্চনার অবসান। এসব সমস্যার সমাধান কঠিন; কিন্তু একাত্তরের মতো কঠিন নয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপস করা চলবেনা। মৌলিক বিষয়গুলোয় একমত হতে হবে। যাদের দ্বিমত তাদেরকে বিতাড়িত করতে হবে। কেবল ক্ষমতা রক্ষার হিসাব করলে ভুল হবে। তাহলে হেরে যাবো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি লোকমান আহমদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অন্যতম নেতা মহিউদ্দিন ও ফরিদ মিয়া, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল হক, যুক্তরাজ্য শাখার সভাপতি হারুনুর রশীদ ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি আব্দুল মছব্বির। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।