সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পীর হাবিবুর রহমান ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি সুনামগঞ্জ জেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ সদ্য প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় তিনি একথা বলেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতেরর সভাপতিত্বে শোকসভায় জাসদ সভাপতি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রয়াত পীর হাবিবুর রহমান কারও সঙ্গে কখনও আপস করেননি। তিনি সাস্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, পীর হাবিবুর রহমান গরীবের অধিকার আদায়ে সব সময় সচেষ্ট ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, পীর হাবিবুর রহমান একজন নীতিবান মানুষ ছিলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, পীর হাবিবুর রহমান সাধারণ মানুষের পক্ষে লিখে গেছেন। তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেলো।
শোকসভায় আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি রাগিব আহসান মুন্না, ডিবিসি চ্যানেলের সম্পাদক প্রণব শাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক ও সাবেক ফুটবলার কায়সার হামিদ।