সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক যুবকের মৃত্যুর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালত চত্বরে বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল জেলা শাখার সভাপতি আশিক মিয়া সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল, আইনজীবী মাসুক আলম, রুহুল তুহিন ও মনীষ কান্তি দে মিন্টু।
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি গভীর রাতে বাড়ি থেকে উজির মিয়াকে ধরে নিয়ে যায় শান্তিগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, থানায় নিয়ে তার উপর নির্যাতন চালানো হয়। পরদিন তাকে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত থেকে উজির মিয়া জামিনে ছাড়া পান। বাড়িতে আসার পর তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে আবার বাড়িতে আনা হয়। গত ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজির মিয়ার পরিবারের অভিযোগ, শান্তিগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান, দেবাশীষ সূত্রধর ও পার্ডন কুমার সিংহ উজির মিয়াকে হেফাজতে নিয়ে প্রচণ্ড নির্যাতন করেছেন।
এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের একটি ও পুলিশের করা দু’টি কমিটি ঘটনার তদন্ত করছে।