সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবুর রহমান সমাহিত

প্রকাশিত February 7, 2022
সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবুর রহমান সমাহিত

সুনামগঞ্জ প্রতিনিধি : বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে তার জন্মস্থান সুনামগঞ্জে সমাহিত করা হয়েছে। জেলাবাসী অশ্রুজলে তাদের প্রিয় সন্তানকে শেষ বিদায় জানিয়েছেন।
পীর হাবিবুর রহমানের মরদেহ সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর চত্বরে নিয়ে আসা হয়। এর আগেই সেখানে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শোকার্ত মানুষের ঢল নামে। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগায় অনুষ্ঠিত হয় পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো মিজানুর রহমান সহ সর্বস্তরের মানুষ।
এরপর মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পীর হাবিবুর রহমানের মরদেহ মাইজবাড়িতে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।