সেনাবাহিনী জনগণের পাশে আছে : মেজর জেনারেল হামিদুল হক

প্রকাশিত January 7, 2022
সেনাবাহিনী জনগণের পাশে আছে : মেজর জেনারেল হামিদুল হক

হেনা মমো ও ফাইজা রাফা : বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি বলেছেন, সেনাবাহিনী দেশের জনগণের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে।
শুক্রবার বিকেলে সিলেটের হরিপুরে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল হামিদুল হক জানান, বর্তমান সেনাপ্রধান প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মানোন্নয়ন করে একদিন বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানের একটি সেনাবাহিনী হিসেবে পরিচিত হবে।
জিওসি আরও জানান, সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী প্রতিবছর এভাবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধপত্র দিয়ে থাকে।
এছাড়াও সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
অবিনশ্বর বত্রিশের আয়োজনে ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় হরিপুর কাপনার পাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সিলেট এরিয়ার অন্যান্য উর্ধ্বতন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।