নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ও ১৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং ৩ মাদক ব্যবসায়ী ও একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ জানায়, তাদের সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে টহল অভিযানকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যগ্রাম এলাকার নজির হোসেনের বসতঘর থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে।
এ সময় মো জাহাঙ্গীর আলম (পিতা মো নজির হোসেন) ও মো নূরুজ্জামান (পিতা মো গোলাম রব্বানী) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
তাদের বাড়ি মধ্যগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব ৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাবনার পয়েন্ট এলাকা থেকে একটি ধর্ষণমামলার প্রধান আসামি শেখ মো নয়ন মিয়াকে (পিতা মৃত শেখ সাজিদ মিয়া, পইল মোল্লাবাড়ী, থানা হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা ৬৪/২ মল্লিকা আ/এ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব ৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের উত্তর ভিত্রীখাল গ্রামের ইটাখোলা পয়েন্টের পশ্চিমে অভিযান চালিয়ে ১৪৩ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মো সুমন আহমেদকে (পিতা আব্দুন নূর কালা, লালাখাল, জৈন্তাপুর, সিলেট) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নিকট মাদক বিক্রির কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।