হবিগঞ্জে ল্যাব টেকনিশিয়ান হত্যামামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত January 6, 2022
হবিগঞ্জে ল্যাব টেকনিশিয়ান হত্যামামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জে ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যামামলার এক পলাতক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ সিলেটের আওতাধীন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকাল সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জঘাট এলাকায় টহল অভিযান পরিচালনা করে।
এ সময় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খৈশরগ্রামের কাঠখালিঘাট এলাকা হতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় রুজুকৃত মামলার পলাতক আসামি মো মনির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো সামছুল হক, গ্রাম মাটিকাটা, উপজেলা বানিয়াচং, জেলা হবিগঞ্জ।
গ্রেফতারকালীন মো মনির হোসেনের নিকট হতে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি