নিজস্ব প্রতিবেদক : বাংলা, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলন-সংগ্রাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এবং নানা ঘাত-প্রতিঘাতের পরও সগৌরবে টিকে থাকা এ সংগঠনের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো বর্ণাঢ্য আয়োজন। সিলেটেও দিনভর বর্ণিল কর্মসূচিতে দিনটি উদযাপন করা হলো।
এ উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কেক কাটা হয়। দুুপুরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারাও অংশ নেন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে জনপ্রিয় সংগীতদল ‘জলের গান’ অনেকক্ষণ দর্শকদের মাতিয়ে রাখে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নানা আকৃতির ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয় মহানগরীর বিভিন্ন সড়ক। এছাড়া সকাল থেকে খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের হয়।
উপজেলাগুলোতেও একইভাবে আনন্দঘন পরিবেশে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরপূর্তি উদযাপন করা হয়েছে।