নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহানগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে সংগঠনের মহানগর শাখা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ছাত্রলীগের প্রত্যেক সদস্যকে সুশিক্ষায় শিক্ষিত এবং আদর্শিক রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে-নিজের স্বার্থে নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় তারই হাতে গড়া ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রভাবে থাকতে হবে।
মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম প্রমুখ।-ছবি ইউছুফ আলী