নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের প্রতি অত্যন্ত উদার। সিলেটবাসীকে কিছু দিতে কখনও না করেননা। না চাইতেও সিলেট তার নিকট থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছে। মহানগরীর উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা ১ হাজার ২২৮ কোটি বরাদ্দ দিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার বিকেলে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বরাদ্দ পেলেই হয় না। প্রাপ্ত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হয়। আগেও অনেক টাকা বরাদ্দ দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; কিন্তু সেই টাকা ফেরৎ গেছে। সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও কাউন্সিলররা টাকা কাজে লাগাচ্ছেন। তাই মহানগরীর উন্নয়ন হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, প্রবীণ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনকে নগরীর চাবি উপহার দেন।