সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের নির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, মাহা-ইমজা ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের সাংবাদিকদের আনন্দ-বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, যেখানে সিলেটের সকল ক্রীড়ামোদী সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পান। এ আয়োজনটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার বিকেলে ইমজা মিলনায়তনে মাহা-ইমজা ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি উদ্দিন আহমদ সেলিম আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন বিনোদনমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের নিজেদের সম্পৃক্ত রাখা উচিৎ। এতে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে।
ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইমজার সাবেক সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক কামকামুর রাজ্জাক রুনু। এছাড়াও বক্তব্য রাখেন, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন মনজু ও সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু। অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল।
এবারের প্রতিযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
দলগুলো হলো, চ্যানেল আই, এশিয়ান টিভি, নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস, বাংলাদেশ প্রতিদিন-সিলেটভিউ, ডিবিসি-সিলেটটুডে, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক শুভ প্রতিদিন, সিলেট প্রতিদিন টোয়েন্টিফোরডটকম।
এরপর অনাড়ম্বর পরিবেশে শুরু হয় প্লেয়ার ড্রাফট পর্ব। এ পর্ব পরিচালনা করেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক। সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫৮ জন সাংবাদিক খেলোয়াড়কে ড্রাফটের মাধ্যমে টিম মালিকরা নিজ নিজ দলে অন্তর্ভুক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি