সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছে, সাংবাদিকতা আগের চেয়ে এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক। তবে এ পেশায় অনেক আগাছা তৈরি হয়ে গেছে। নামসর্বস্ব অনলাইন ও ফেইসবুকে লাইভ দিয়ে সাংবাদিক বনে যাচ্ছে কেউ কেউ। নামসর্বস্ব অনিয়মিত পত্রিকা ছেপে যেনোতেনো শিরোনাম দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টিকারী এসব আগাছা সরিয়ে ফেলার সময় এসেছে।
এদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে চিন্তা এবং যাচাই-বাছাইক্রমে বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
জেলা প্রশাসক শনিবার দুপুরে সিলেটের সাংবাদিকদের জন্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন, পিআইবি মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।
তিনি বলেন, তথ্য ও প্রযুক্তিতে বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশও। তাই সাংবাদিককের তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে এবং বিশ্বের অন্যান্য দেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পিআইবি দেশের সকল জেলা ও উপজেলয়া আয়োজন করছে নানা ধরনের প্রশিক্ষণের। এর একটি হচ্ছে মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ। মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের কাজের ধরন ও দক্ষতা আরো বাড়িয়ে নিতে পারছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিআইবির পরিচালক (প্রশাসন, অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, উপপরিচালক মো জাকির হোসেন ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। সঞ্চালনায় ছিলেন, পিআইপির প্রশিক্ষণ সহকারী বারেক কায়সার। প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
বৃহস্পতিবার থেকে শুরু এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, ড কাবিল খান জামিল।-সংবাদ বিজ্ঞপ্তি