নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তিতে জাতি নতুন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা-উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানী থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় দেশের জেলা-উপজেলা সদর থেকে সংযুক্ত সর্বস্তরের মানুষ এই শপথ গ্রহণ করেন।
সিলেট মহানগরীতে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়।
মুখে মাস্ক আর হাতে লালসবুজের পতাকা নিয়ে কানায় কানায় স্টেডিয়ামপূর্ণ নারী-পুরুষ-শিশু প্রত্যয়দৃপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করেন।
এর আগে বঙ্গবন্ধুকন্যা জাতির উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে সবাইকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষের রক্তিম শুভেচ্ছা জানান। লালসবুজের পতাকা দুলিয়ে ও ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে সকলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেয়। এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
শপথ গ্রহণ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়। স্থাপন করা হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। নিরাপত্তাও কঠোর ছিল।