সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালোব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহবায়ক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপ উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড নজরুল হক চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান ও ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, পরিচালক (অর্থ) ইনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, লোকমান আহমদ চৌধুরী এবং বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারীগণ কালো ব্যাজ ধারণ করে উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি