আবেগঘন পরিবেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত December 14, 2021
আবেগঘন পরিবেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে জাতি আবেগঘন পরিবেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। অন্যদিকে চরম ঘৃণা প্রকাশ করেছে, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের ঘাতক পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আল বদর ও আল শামস সহ বাঙালির চিরশত্রুদের প্রতি। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার মধ্য দিয়ে ত্রিশলাখ শহীদের ‍স্বপ্ন পূরণের শপথ গ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল থেকেই শহীদ ডা শামসুদ্দিন আহমদের সমাধিস্থলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। কারও হাতে ফুলের ডালি-কারও হাতে তোড়া। কণ্ঠে ‘জয়বাংলা’ সহ নানা স্লোগান। আসেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু-কিশোর সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা। সারিবদ্ধভাবে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। তবে জনসমাগম এত বেশি ছিল যে, মাঝে মধ্যে সারি বজায় রাখা যাচ্ছিলনা।
শ্রদ্ধা নিবেদন ছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো ফয়সল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো আজবাহার আলী শেখ পিপিএম, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো সোহেল রেজা পিপিএম, উপ পুলিশ কমিশনার (পিওএম) মো জাবেদুর রহমান প্রমুখ।